প্রাথমিক শিক্ষার সংস্কার নিয়ে রংপুরে দিনব্যাপী কর্মশালা
রংপুর প্রতিনিধিঃ
বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার নিয়ে রংপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রংপুর পিটিআই অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপপরিচালকের কার্যালয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গভীর হাজ্জাজ এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক শাহিনা মিজ্ ফেরদৌসী।
কর্মশালায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণি কার্যক্রমের কার্যকর মনিটরিং, জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও আধুনিক করতে মাঠপর্যায়ে প্রশিক্ষণ, তদারকি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কর্মশালায় জানানো হয়, প্রাথমিক শিক্ষার সংস্কার ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে এক বছরের বেশি সময় ধরে কাজ চলছে। নতুন করে নীতিমালা প্রণয়নের কাজও এগিয়ে চলছে। ভবিষ্যতে প্রশিক্ষণের বিষয় ও প্রশিক্ষণার্থী নির্ধারণ এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় নির্দিষ্ট কাঠামো অনুসরণ করা হবে।
Reporter Name 








