রংপুরে তিন বস্তা লেবু ও ভ্যান ছিনতাই, বাবা-ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর নগরের তাজহাট এলাকায় তিন বস্তা লেবু ও একটি ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া লেবু ও ভ্যান উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ পশ্চিম চুহড় এলাকার মো. লিয়াকত আলী (৪৯) ও তাঁর ছেলে মো. মাহমুদুল হাসান (২০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে মিঠাপুকুর উপজেলার ভিতর লহনী এলাকার মো. মোকছেদুল মিয়া (২৬) তাঁর বড় আব্বার জমিতে চাষ করা তিন বস্তা লেবু ব্যাটারিচালিত ভ্যানে করে রংপুর পৌরবাজারে বিক্রির জন্য নিয়ে আসছিলেন। দমদমা ব্রিজ পার হয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁর ভ্যানের গতিরোধ করেন।
অভিযোগ করা হয়েছে, এ সময় তাঁকে খুন ও জখমের ভয় দেখিয়ে তাঁর ভ্যানে থাকা তিন বস্তা লেবু ও ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে যাওয়া হয়। লেবুগুলোর আনুমানিক মূল্য তিন হাজার টাকা।
এ ঘটনায় মোকছেদুল মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে তাজহাট থানায় মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে কোতোয়ালি থানার পৌরবাজার এলাকা থেকে লিয়াকত আলী ও তাঁর ছেলে মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া লেবু ও ভ্যান উদ্ধার করা হয়।
তাজহাট থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। মামলায় আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরে চুরি-ছিনতাইসহ অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।
Reporter Name 









