রংপুর মেডিকেলে অবসরপ্রাপ্ত নার্সিং কর্মকর্তাকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবসরপ্রাপ্ত নার্সিং কর্মকর্তা মোছা. শিরীনা আক্তারকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. আবুল মোকাদ্দেস, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাজিত সাবিহা, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) ডা. মো. মেজবাহুল হাসান চৌধুরী, রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগম, জেলা পাবলিক হেলথ নার্স নার্গিস আখতার বানু এবং বিএনএনএ রংপুরের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ও বিএনএনএ রংপুরের সভাপতি নাজমা নাহার বেগম।
বক্তারা বলেন, শিরীনা আক্তার দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক সেবার মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মদক্ষতা ও দায়িত্বশীলতা নতুন প্রজন্মের নার্সিং কর্মকর্তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে অবসরপ্রাপ্ত এ নার্সিং কর্মকর্তার হাতে ফুল, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় হাসপাতালের নার্সিং কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 









