তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন,হুমকির মুখে মহিপুর ব্রিজ ও রংপুর-কাকিনা সড়ক
নিজস্ব প্রতিবেদক, রংপুর।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় তিস্তা নদীর ওপর নির্মিত মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে মহিপুর সেতু এবং রংপুর- কাকিনা আঞ্চলিক সড়ক মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে গুরুত্বপূর্ণ এই সড়ক যোগাযোগ যেকোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
শনিবার সন্ধ্যার পর তিস্তা নদীর পানি বৃদ্ধি এবং তীব্র স্রোতের কারণে সেতুর উত্তর-পশ্চিম প্রান্তের রক্ষা বাঁধে ধস শুরু হয়। রাত পর্যন্ত অন্তত ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনের স্থানে প্রায় ৬০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এলাকাবাসী জানান, গত বছরও একই স্থানে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছিল। তখন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অস্থায়ীভাবে বাঁশের পাইলিং করে ভাঙন ঠেকানোর চেষ্টা করে। তবে স্থায়ী ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করায় এবারের প্রবল স্রোতে সেই কাঠামো টিকতে পারেনি।
লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, গত বছরের ভাঙনের পরই স্থায়ীভাবে ব্লক ফেলে বাঁধ সংরক্ষণের দাবি জানানো হয়েছিল। কিন্তু সে উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে মহিপুর সেতুর অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মহিপুর তিস্তা সেতু রংপুর, কাকিনা ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। ফলে রক্ষা বাঁধের এই ভয়াবহ ভাঙন শুধু অবকাঠামোগত সংকট নয়, বরং স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং জনজীবনের জন্যও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
Reporter Name 









