নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রাপ্য ৫ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় গ্রামীণফোনের রংপুর আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘গ্রামীণফোন ৫% বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া সাবেক কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, ২০১০ থেকে ২০১২ সালের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) ও ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) আওতায় তাদের প্রাপ্য অর্থের একটি অংশ দীর্ঘ ১৬ বছরেও পরিশোধ করা হয়নি। এর ফলে তাঁরা আর্থিক ও মানসিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ সমস্যার দ্রুত ও ন্যায়সংগত সমাধান প্রয়োজন। তাঁরা গ্রামীণফোন কর্তৃপক্ষের প্রতি আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে ৫ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে রংপুরের পাশাপাশি নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সাবেক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তাঁরা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন।
বক্তারা জানান, একই দাবিতে ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে রাজধানীর জিপি হাউসের সামনে ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও আন্দোলন ছড়িয়ে পড়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টির দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
মানববন্ধন থেকে আন্দোলনকারীরা বলেন, “১৬ বছরের অপেক্ষা যথেষ্ট। ৩ হাজার ৩৬০ পরিবারের দীর্ঘশ্বাস যথেষ্ট। এবার ন্যায়বিচার চাই, আর কোনো কালক্ষেপণ নয়।”
কর্মসূচি শেষে আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
Reporter Name 









