সাকিনের মুক্তির দাবিতে রংপুর মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে কলেজছাত্রী নুজসাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার হওয়া মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮,টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং সাকিনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্য, সাকিনকে পর্যাপ্ত তদন্ত ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। তারা অবিলম্বে তার মুক্তির দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, “আমাদের সহপাঠীর মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলবে।
বিক্ষোভ চলাকালে হাসপাতালের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নুজসাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Reporter Name 









