গ্রামবিকাশ কর্মীদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা, প্রাইম মেডিকেলের সঙ্গে চুক্তি
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এবং প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় জিবিকে’র কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতালটিতে বিশেষ ছাড় ও অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসাসেবা পাবেন।
শনিবার (২৭ জুন) প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ উপলক্ষে জিবিকে কর্মীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে হেলথ কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিবিকে’র প্রধান নির্বাহী আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক অসীম রাউত, উপপরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এ.টি.এম. ফরহাদুজ্জামান এবং প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ.টি.এম. ফরহাদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিবিকে’র কর্মীরা তৃণমূল পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী এসব কর্মীর স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা এবং দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তাঁরা আরও বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে হেলথ কার্ডের মাধ্যমে কর্মীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রয়োজনের সময় তারা তুলনামূলক কম খরচে দ্রুত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন বলে জানান তারা।
Reporter Name 









