রংপুরে বাসচাপায় ভ্যানচালক নিহতের মামলায় হেলপার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর নগরীর সাতমাথা এলাকায় বেপরোয়া গতির বাসের চাপায় ভ্যানচালক নিহতের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩, এ সময় দুর্ঘটনায় ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।
র্যাব-১৩, জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে রংপুরের তাজহাট থানার মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে বাসটির হেলপার মোস্তফা কামাল (২৮)কে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শাহিন হোসেন পেশায় ভ্যানচালক ছিলেন। গত ১৮ জুন সকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সন্ধান চান। একপর্যায়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে থাকা একটি অজ্ঞাত লাশের খবর পেয়ে সেখানে গিয়ে তাঁরা শাহিনের মরদেহ শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানতে পারেন, ১৮ জুন দুপুরে তাজহাট থানার মডার্ন ব্রিজসংলগ্ন এলাকায় মডার্ন মোড় থেকে সাতমাথাগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত শাহিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক অজ্ঞাত বাসচালক ও হেলপারকে আসামি করে তাজহাট থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।
র্যাব জানায়, ঘটনার পর গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক হেলপারকে আজ গ্রেপ্তার এবং দুর্ঘটনায় ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তার আসামি ও জব্দ করা বাস সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 









