- রংপুরে ডিএনসির সিপাহির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস
রংপুর প্রতিনিধি
রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক সিপাহির বিরুদ্ধে মাদক মামলায় সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে অভিযুক্ত সিপাহি অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় তদন্তের কথা জানিয়েছে অধিদপ্তর।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জুন রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর ইউনিয়নের অভিরামনুরপুর গুচ্ছগ্রামে অভিযান চালায় ডিএনসির একটি দল। অভিযানে ভ্যানচালক ও চোলাই মদ ব্যবসায়ী আবজাল হোসেনের বাড়ি থেকে ১০ লিটার চোলাই মদ এবং প্রায় ৬০০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) জব্দ করা হয়। পরে তাঁকে আটক করে মিঠাপুকুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খ) সার্কেল কার্যালয়ে নেওয়া হয়।
আবজাল হোসেনের পরিবারের অভিযোগ, অভিযানে অংশ নেওয়া ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সিপাহি আল-আমিন তাঁদের ভয়ভীতি দেখিয়ে আবজালের ছেলেদেরও মামলায় আসামি করার হুমকি দেন। পরে মামলা থেকে রেহাই এবং জব্দ করা মাদকের পরিমাণ কম দেখানোর আশ্বাস দিয়ে ১০ হাজার টাকা দাবি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আল-আমিন আগে পাঁচ হাজার টাকা নেওয়ার কথা উল্লেখ করছেন। পরে তাঁর নির্দেশে আরেক ব্যক্তি মিঠাপুকুর সার্কেল কার্যালয়ের সামনে আবজালের ছেলে আসাদুলের কাছ থেকে বাকি পাঁচ হাজার টাকা নিচ্ছেন বলে অভিযোগ।
আসাদুল বলেন, মামলা থেকে রেহাই পাওয়ার আশায় তাঁরা টাকা দেন। পরে ফোনে আল-আমিন টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করেন এবং বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করেন বলেও দাবি তাঁর।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সিপাহি আল-আমিন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আপনারা সংবাদ প্রকাশ করতে পারেন।’
রংপুর বিভাগীয় গোয়েন্দা শাখার উপপরিচালক দিলারা রহমান বলেন, অভিযোগটি তাঁদের নজরে এসেছে। বিষয়টির সত্যতা যাচাইয়ে তদন্ত করা হবে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Reporter Name 









