রংপুরে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আরপিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার ২৫ নম্বর ওয়ার্ডের বোথলার মোড় এলাকার বৈশাখী ক্লাবের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. সাগর মিয়া (২২) নামের এক যুবককে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাগর মিয়ার বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর বেছনদহ গ্রামে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছিল।
আরপিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মাদকের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের অবস্থান ‘শূন্য সহনশীলতার’।
মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে গোয়েন্দাভিত্তিক অভিযান আরও জোরদার করা হবে। তিনি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ মহানগর গড়ে তুলতে জনগণের সহযোগিতা কামনা করেন।
Reporter Name 









