পীরগঞ্জে চলন্ত অটোর ওপর গাছ ভেঙে পড়ে চালকের মৃত্যু
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় চলন্ত মিশুক (অটোরিকশার) ওপর শুকনো গাছ ভেঙে পড়ে আব্দুল গফুর (৫০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার টিউটমারী এলাকায় খালাশপীর-কাচদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফুর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে এক এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে খালাশপীরের দিকে ফিরছিলেন আব্দুল গফুর। পথে টিউটমারী এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা একটি শুকনো গাছ হঠাৎ ভেঙে তাঁর চলন্ত মিশুকের ওপর পড়ে। এতে গাছের মোটা অংশ তাঁর গলা ও শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, খালাশপীর-কাচদহ সড়কের পাশে দীর্ঘদিন ধরে বেশ কিছু শুকনো ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। এসব গাছ দ্রুত অপসারণ না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
জননিরাপত্তার স্বার্থে সড়কের পাশের ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Reporter Name 









