রংপুরে ভিআইপি শাহাদৎ হোসেনের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, উদ্ধারের দাবি
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর নগরীর রাধাবল্লভ মৌজায় পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগ তুলে তা উদ্ধারের দাবি জানিয়েছে একটি ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় ভিআইপি শাহাদৎ হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা।
সোমবার (১৩ জুলাই) রংপুর নগরের জামাল মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, রাবারবাগ মৌজার সিএস ৩২৫, ৩২৬ এবং এসএ ৩৬৪ নম্বর খতিয়ানের ১০টি দাগে থাকা প্রায় ১ একর ৩৩ শতাংশ জমির প্রকৃত মালিক তারা। দীর্ঘ প্রায় ১০০ বছর ধরে পূর্বপুরুষদের আমল থেকে ওই সম্পত্তিতে বসবাস করে আসছেন বলেও দাবি করেন তারা।
তাদের অভিযোগ, নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত ওই সম্পত্তির ওপর একটি প্রভাবশালী চক্রের নজর পড়ে। পরে জাল কাগজপত্র তৈরি করে সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, ভিআইপি শাহাদৎ হোসেনসহ কয়েকজন ব্যক্তি আদালতের আদেশ ও আইনগত প্রক্রিয়া উপেক্ষা করে ওই সম্পত্তি দখলে রেখেছেন।
এ বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের মাধ্যমে নিজেদের ন্যায্য অধিকার ফিরে পেতে চান। একই সঙ্গে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তারা বলেন, দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলায় পরিবারটি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত তদন্ত করে প্রকৃত মালিকদের কাছে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Reporter Name 









