রংপুরে ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি
রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবির একটি দল নগরীর শাপলা চত্বর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার করা হয় বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার জবা বেগম (৪০) এবং শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার নাজমা বেগমকে (৪১) গ্রেফতার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে ডিবির এসআই মো. মমিনুল ইসলাম, এসআই বাবলা মিয়া ও এএসআই আজিজসহ একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রংপুর মহানগরীসহ আশপাশের এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মাদকের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক কারবারি, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত ও নিরাপদ রংপুর গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 









