রাত ১২টার আগেই ভেস্তে গেল অনলাইন জুয়ার আসর, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুরে অনলাইন জুয়া খেলার সময় ওয়াজেদ আলী রজব (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও চারটি এমএস সিম উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে নগরের হারাগাছ থানার সৎবাজার এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়াজেদ আলী রজব চাঁন্দকুঠি সৎবাজার এলাকার তাজুল ইসলামের ছেলে। পুলিশ বলছে, তিনি মুঠোফোন ও সিম ব্যবহার করে অনলাইন জুয়া কার্যক্রমে অংশ নিচ্ছিলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ডিবির একটি দল হারাগাছ এলাকায় অভিযান চালায়।
অভিযানে ওয়াজেদ আলী রজবের কাছ থেকে ভিভো ব্র্যান্ডের V2111 মডেলের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং চারটি এমএস সিম উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। অনলাইন জুয়া, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আরপিএমপি।
Reporter Name 









