রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে এবং একটি মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৪ আগস্ট) আজ সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, গতকাল বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে নগরের কোতয়ালী থানার ১৭ নম্বর ওয়ার্ডের ভগী বালাপাড়া এলাকায় জান্নাত বুটিকস অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান চালায় ডিবি। এ সময় ১০ পিস ইয়াবাসহ মো. আলমগীর হোসেন (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কোতয়ালী থানার পার্বতীপুর এলাকার বাসিন্দা।
একই দিন রাত ১০টা ২০ মিনিটের দিকে কোতয়ালী থানার ধাপ কটকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে ডিবি।
গ্রেপ্তার দুজন হলেন লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা এলাকার সুস্মিতা করিম দোলনা ওরফে দোলা (২৬) এবং নীলফামারী সদর উপজেলার সিংদই এলাকার মো. আয়নাল হক (৪২)।
পুলিশ জানায়, কোতয়ালী থানার ৪ আগস্টের একটি মামলায় তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮৫, ৩২৩, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকমুক্ত সমাজ, অপরাধমুক্ত নগরী ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরপিএমপি।
Reporter Name 









