রংপুরে এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
রংপুর প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ ও ধর্ষণের অভিযোগে লিয়ন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় লিয়ন ও তাঁর মা-বাবার বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, লিয়ন নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে ওই তরুণীর পরিবারের সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তরুণী ও তাঁর পরিবারের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
এ ছাড়া তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগও রয়েছে লিয়নের বিরুদ্ধে।
এজাহার অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লিয়ন ওই তরুণীর বাড়িতে গিয়ে তাঁর কক্ষে প্রবেশ করেন। সেখানে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তরুণীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে লিয়নকে আটক করেন। এ সময় তাঁকে গণপিটুনি দেওয়া হয়।
পরে খবর পেয়ে গঙ্গাচড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। এরপর তাঁকে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, আটকের সময় লিয়নের কাছ থেকে বিয়ের একটি ভুয়া এফিডেভিটের কপি ও এনএসআইয়ের একটি জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, লিয়ন বিবাহিত। একই কৌশলে এর আগেও একাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, আসামির কাছ থেকে ভুয়া বিয়ের কাগজ ও জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। লিয়নকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Reporter Name 









