রংপুরে ২৪ ঘণ্টার অভিযানে ১৭ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রংপুর।
রংপুর মহানগরীতে গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন মামলার আসামিসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
রোববার (২১ জুন) আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মহানগর পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে। অভিযানে মাদক-সংক্রান্ত অপরাধ, প্রতারণা এবং বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
কোতোয়ালি থানা পুলিশের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে সবুজ মিয়া (২৭) নামে এক ব্যক্তির কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া পরোয়ানা ও অন্যান্য মামলার অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরশুরাম থানা পুলিশের পৃথক অভিযানে চারজন এবং তাজহাট থানা পুলিশের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযানে সাতজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে একজনকে মাদক মামলায় এবং ছয়জনকে একটি প্রতারক চক্রের সদস্য হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরপিএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দাবি, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
Reporter Name 









