জাতীয় ভিটামিন‘এ’প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুত রংপুর
নিজস্ব প্রতিবেদক, রংপুর
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রংপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুন জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
রোববার (২৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে বলে সভায় জানানো হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রংপুরে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ২৫৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৬ হাজার ৫২৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য জেলার ১ হাজার ৮৩২টি কেন্দ্রে সেবা দেওয়া হবে।
ক্যাম্পেইন বাস্তবায়নে ৩ হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবী, ৪৫৬ জন স্বাস্থ্যকর্মী এবং ২২৮ জন তদারককারী দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ এবং অপুষ্টি মোকাবিলায় ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, কোনো শিশু যেন এ কর্মসূচির বাইরে না থাকে, তা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নির্ধারিত দিনে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক শিহাব উদ্দিন, রংপুরের সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুস্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নির্ধারিত দিনে অভিভাবকেরা শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন বলে আমরা আশা করছি।”
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সবার সহযোগিতায় এবারের ক্যাম্পেইন শতভাগ সফল হবে এবং জেলার সব যোগ্য শিশু এর আওতায় আসবে।
Reporter Name 









