- রংপুরে নুজসাতের মৃত্যু: মেডিকেল শিক্ষার্থী সাকিন আটক
নিজস্ব প্রতিবেদক রংপুর।
রংপুর নগরীর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহানের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর উদ্ধার হওয়া নুজসাতের মোবাইল ফোনের কললিস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। সেই তদন্তের অংশ হিসেবেই শাহরিয়ার আহমেদ সাকিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
সোমবার বিকেলে রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহানের মৃত্যু হয়। তিনি নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি একাই হোটেলের ছাদে ওঠেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থানের পর নিচে পড়ে যান। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ, পিবিআই ও সিআইডি তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন, ডিজিটাল ফরেনসিক তথ্য এবং জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাটিকে দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু— সে বিষয়ে নিশ্চিত মন্তব্য করতে রাজি হয়নি তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
Reporter Name 









