জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রংপুরে ৮৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে
নিজস্ব প্রতিবেদক, রংপুর
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রংপুর সিটি করপোরেশন (আরসিসি) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আগামী ২৮ জুন একদিনব্যাপী এ কর্মসূচিতে নগরীর ৮৬ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে রংপুর সিটি করপোরেশন হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ২৯১টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কার্যক্রমে ৬৬ জন সুপারভাইজার, ৩৬ জন মনিটরিং ও সুপারভিশন কর্মকর্তা এবং ৫৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
আরসিসি সূত্রে জানা গেছে, ৬ থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৬২৯ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ৩৭১ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে গত চার মাসের মধ্যে কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করে থাকলে তাকে আবার ক্যাপসুল খাওয়ানো হবে না।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা প্রতিরোধে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।
তারা আরও জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পর কোনো কোনো শিশুর সাময়িক বমি বমি ভাব বা বমি হতে পারে। এ ধরনের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে প্রয়োজন হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর বা অসুস্থ অবস্থায় শিশুদের ক্যাপসুল না খাওয়ানোরও পরামর্শ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।
Reporter Name 









