রংপুরে জাসাসের ফল উৎসব অনুষ্ঠিত
রংপুর প্রতিনিধি
দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানো, পুষ্টি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে রংপুরে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নগরীর টাউন হলের সাহিত্য মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখা এ উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য লিটন পারভেজসহ অন্যান্য নেতারা।
জাসাস রংপুর জেলা শাখার আহ্বায়ক নুরুজ্জামান মানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী এবং সুধীজন অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ফল শুধু পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস নয়, এটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যেরও অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মকে দেশীয় ও মৌসুমি ফলের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত দেশীয় মৌসুমি ফল খাওয়ার আহ্বান জানান।
উৎসবে বিভিন্ন প্রজাতির দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শন করা হয়। পরে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজনকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Reporter Name 









