নতুন জুয়া প্রতিরোধ আইনে রংপুরে প্রথম অভিযান, জুয়ার আসর থেকে আটক ৪
রংপুর প্রতিনিধি
নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ কার্যকর হওয়ার পর রংপুর মহানগরে প্রথম দিকের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে চারজনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনায় নতুন আইনে মামলা করা হয়েছে।
আজ সোমবার আরপিএমপির গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে হাজীরহাট থানার ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম গিলাবাড়ি এলাকায় আবু মুসার বাড়ির রান্নাঘরে গোপনে জুয়ার আসর বসেছে—এমন সংবাদের ভিত্তিতে ডিবি অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আবু বক্কর সিদ্দিক (২৭), মো. আবু মুসা (৩০), মো. নাজমুল ইসলাম (৩৬) এবং শ্যামল চন্দ্র রায় (৩১)।
আরপিএমপি জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নতুন আইন কার্যকর হওয়ার পর জুয়া দমনে কঠোর অবস্থান নিয়েছে আরপিএমপি। মহানগরে জুয়া, মাদক কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এ ছাড়া জুয়া ও অন্যান্য অপরাধসংক্রান্ত তথ্য পুলিশকে জানিয়ে নিরাপদ ও অপরাধমুক্ত রংপুর গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে আরপিএমপি।
Reporter Name 









