রংপুরে কোতয়ালী পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় কোতয়ালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গাঁজা সেবনের অভিযোগে নন-এফআইআর প্রসিকিউশন মামলায় সদর হাসপাতাল নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বাধন ইসলাম (১৯), ইয়াকুব (২০) ও পূর্ব কামাল কাছনার এনামুল হক (৪২) কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৫ পিস ইয়াবা ও ৭০০ টাকা উদ্ধারসহ তাজহাট এলাকার রিক্তা বেগম ওরফে শাকওয়ালীকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানামূলে সাজাপ্রাপ্ত আসামি জুলিয়া হোসেন মর্জিনা, জিআর মামলা-৪১২/২৪-এর পরোয়ানাভুক্ত আসামি শাপলা চত্বর এলাকার মো. শরিফ (২৪), জিআর মামলা-১৫৫/১৯-এর পলাতক আসামি অনুপম কর বাণী এবং এনজিআর-২৫০/১৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রকি মিয়াকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, কোতয়ালী থানার মামলা নং-১৭, জিআর নং-৮০/২০২৫-এর তদন্তে প্রাপ্ত আসামি শাহ আলম (৩৭) এবং সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি মুন্সিপাড়া এলাকার আরিফুর রহমান আরিফকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নিরাপদ নগরী গড়তে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 









