রংপুরে গ্রামীণফোনের ৫ শতাংশ বিলম্বজনিত বকেয়া পরিশোধে সরকারের হস্তক্ষেপ দাবি
নিজস্ব প্রতিবেদক রংপুর,
গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের আইনগত ৫ শতাংশ বিলম্বজনিত বকেয়া দ্রুত পরিশোধ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার দুপরে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও তাদের দাবি বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
মানববন্ধনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—সাবেক কর্মকর্তা- কর্মচারীদের আইনগত ৫ শতাংশ বিলম্বজনিত পাওনা দ্রুত পরিশোধ নিশ্চিত করা, আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করা, শ্রমিকদের ন্যায্য পাওনা নিষ্পত্তির আগে কোম্পানির আর্থিক দায়বদ্ধতা নিশ্চিত করা এবং গ্রামীণফোনকে আরও জবাবদিহিমূলক ও শ্রমিকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা।
ঐক্য পরিষদের নেতা গোলাম রব্বানী বলেন,
পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ভণ্ডুল করতে কয়েকজন সাবেক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের ভাষ্য, ন্যায্য পাওনার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা সংবিধানস্বীকৃত অধিকার; তাই এ ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে মোহাম্মদ মোবাশশের আহসান বলেন, গ্রামীণফোন বিদেশি বিনিয়োগকারী মালিকানাধীন একটি প্রতিষ্ঠান হলেও দেশের প্রচলিত শ্রম আইন মেনে কর্মীদের আইনগত প্রাপ্য পরিশোধ করা প্রতিষ্ঠানটির দায়িত্ব। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
Reporter Name 









