এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী: রংপুরে জাতীয় পার্টির দিনব্যাপী কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, রংপুর
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় পার্টি।
দলীয় সূত্র জানায়, আগামী ১৪ জুলাই মঙ্গলবার রংপুর নগরীর দর্শনা এলাকার ‘পল্লীনিবাস’কে ঘিরে এসব কর্মসূচি পালন করা হবে। সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।
পরে সকাল ১১টায় পল্লীনিবাসে অনুষ্ঠিত হবে স্মরণসভা ও দোয়া মাহফিল। এ ছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কোরআন তিলাওয়াত, এরশাদের রাজনৈতিক ভাষণ প্রচার এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জাতীয় পার্টির রংপুর মহানগর সভাপতি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সাধারণ সম্পাদক এস এম ইয়াসির এক যৌথ বিবৃতিতে দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর রংপুরে বিভিন্ন স্মরণ কর্মসূচি পালন করে জাতীয় পার্টি।
Reporter Name 









