গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে ঐক্যের আহ্বান, রংপুরে ছাত্রদলের বিভাগীয় সমাবেশ
রংপুর প্রতিনিধি
জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, আহতদের প্রতি শ্রদ্ধা এবং আন্দোলনের চেতনা ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রংপুরে বিভাগীয় ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় রংপুর মহানগর ও জেলা ছাত্রদলের উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, ছাত্র–জনতার দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং আন্দোলনে আহত ব্যক্তিদের পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এম এম মুসা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ নেওয়াজ জোহা। বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম সবুজ।
এর আগে দোয়া ও স্মরণসভায় জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সমাবেশে রংপুর বিভাগের আট জেলার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা–কর্মীরা অংশ নেন। আয়োজিত সমাবেশে হাজারো নেতা–কর্মীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
Reporter Name 









