ফের বাড়ছে তিস্তার পানি, বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে প্রবাহ
লালমনিরহাট প্রতিনিধি
উজানের ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া পয়েন্টে বৃহস্পতিবার বিকালে নদীর পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এতে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। উজানের প্রবাহ অব্যাহত থাকায় আগামী সময়ে পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা জানান, পানি বাড়তে শুরু করায় ইতিমধ্যে কয়েকটি চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বাঁধগুলো নিয়ে উদ্বেগ বাড়ছে। পানি আরও বাড়লে নিম্নাঞ্চলের বসতবাড়ি, ফসলি জমি ও গবাদিপশু নিয়ে বিপাকে পড়তে পারেন স্থানীয়রা।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের পানির প্রবাহ অব্যাহত থাকায় তিস্তার পানি বিপৎসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় বলেন, নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। তাই তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Reporter Name 











