রংপুর মেট্রোঃপুলিশের বিশেষ অভিযানে ৪৬ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন-গাঁজা
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর মহানগরজুড়ে টানা ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। এ সময় ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চোরাই মোটরসাইকেল, বৈদ্যুতিক পানির পাম্প, অটোরিকশার যন্ত্রাংশ ও চোলাই মদও জব্দ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) আরপিএমপির গণমাধ্যম শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের সমন্বয়ে ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কোতোয়ালী থানা থেকে সর্বোচ্চ ১৭ জন, তাজহাট থানা থেকে ১১ জন, মাহিগঞ্জ থানা থেকে ৬ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৬ জন, হাজীরহাট ও পরশুরাম থানা থেকে ৩ জন করে গ্রেপ্তার হন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি, মাদক সেবনকারী, চুরি ও সাইবার অপরাধে অভিযুক্ত ব্যক্তি রয়েছেন। অভিযানে ৩০টি ইয়াবা, ২ গ্রাম হেরোইন, প্রায় ৮০০ গ্রাম গাঁজা এবং চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া চোরাই মোটরসাইকেল, বৈদ্যুতিক পানির পাম্প ও অটোরিকশার যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে।
আরপিএমপি জানিয়েছে, মাদকবিরোধী অভিযান, পরোয়ানা তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 









