রংপুরে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়া পরিচালনা ও জাল ভিসার মাধ্যমে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ভুয়া ভিসা ও লটারিসংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮,জুলাই)
জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান যে, গত ২৭ জুলাই রাত প্রায় ৯টা ০৫ মিনিটের দিকে তারাগঞ্জ উপজেলার ০৪ নম্বর হাড়িয়ারকুটি ইউনিয়নের নেকিরহাট দারগাপাড়া এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানে মো. আজমাউল ইসলামকে তাঁর বাবার মালিকানাধীন বাড়ির শয়নকক্ষ থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে একটি ভিভো, একটি ইনফিনিক্স ও একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি স্মার্ট কিবোর্ড, একটি মাউস, ভুয়া ভিসা ও লটারি–সংক্রান্ত ১৮ পৃষ্ঠার কাগজপত্র এবং তিনটি মোবাইল সিম জব্দ করা হয়েছে। এসব আলামত অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তার হওয়া আজমাউল ইসলাম তারাগঞ্জ উপজেলার নেকিরহাট দারগাপাড়ার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, জব্দ করা আলামতসহ অভিযুক্তকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন ও জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 









