হেপাটাইটিস সম্পর্কে অজ্ঞতায় বাড়ছে মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি
নিজস্ব প্রতিবেদকঃ
গর্ভাবস্থায় হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসের পরীক্ষা এবং প্রতিরোধ সম্পর্কে সচেতনতার অভাবে মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। চিকিৎসকদের ভাষ্য, সময়মতো পরীক্ষা, নিরাপদ প্রসবব্যবস্থা এবং জন্মের পরপরই প্রয়োজনীয় টিকা নিশ্চিত করা গেলে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের কারণ হতে পারে।
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগেয়া গ্রামের বাসিন্দা ফারজানা আক্তারের ছেলে ফাইয়াজের বয়স এখন এক মাস ১০ দিন। জন্মের দুই দিনের মাথায় শিশুটির জন্ডিস ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা দেওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
ফারজানা বলেন, প্রথম সন্তান হওয়ায় গর্ভাবস্থায় প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন তিনি। নিজেও বিভিন্ন প্রতিষেধক টিকা নিয়েছেন। তবু সন্তানের জন্ডিসে আক্রান্ত হওয়ার বিষয়টি তাঁকে উদ্বিগ্ন করে। তিনি জানান, সন্তান অসুস্থ হওয়ার পরই পরিবারের সদস্যরা জানতে পারেন, হেপাটাইটিস ‘বি’ একটি সংক্রামক রোগ, যা লিভারকে আক্রান্ত করতে পারে।
শিশুটির নানা, স্কুলশিক্ষক আমিনুল ইসলাম বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় দেওয়া পেন্টা টিকার মধ্যেই হেপাটাইটিস ‘বি’র প্রতিষেধক রয়েছে—এ তথ্য তাঁদের জানা ছিল না। তাঁর মতে, এ বিষয়ে জনসচেতনতা আরও বাড়ানো প্রয়োজন।
শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. মাহফুজার রহমান বাঁধন বলেন, নবজাতকের জন্ডিসের অনেক ক্ষেত্রেই কারণ রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়া। তবে সংক্রমণজনিত কারণেও জন্ডিস হতে পারে। কিছু ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদি লিভার জটিলতার ঝুঁকি তৈরি করে। তাই শিশুদের জন্ডিসকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. ফিরোজ হাসান খান বলেন, হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’কে ‘নীরবঘাতক’ বলা হয়, কারণ আক্রান্ত অনেকের শরীরে শুরুতে তেমন কোনো উপসর্গ দেখা যায় না। গর্ভবতী মা আক্রান্ত থাকলে নবজাতকের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এ কারণে গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় পরীক্ষা এবং জন্মের ২৪ ঘণ্টার মধ্যে নবজাতককে হেপাটাইটিস ‘বি’ প্রতিরোধী টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিরাপদ পানি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হেপাটাইটিসজনিত জটিলতা ও মা–শিশুর স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
Reporter Name 















