রংপুরে মাহীগঞ্জ–গসাইবাড়ী সড়কের মেরামতকাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
দীর্ঘদিনের অবহেলা ও দুর্ভোগের অবসানে রংপুর নগরীর মাহীগঞ্জ থেকে গসাইবাড়ী পর্যন্ত সড়কের মেরামতকাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে গসাইবাড়ী এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাহফুজ উন নবী ডন বলেন, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কারণগুলো চিহ্নিত করে একে একে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। নাগরিক সেবা উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে রংপুর সিটি করপোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে।
তিনি বলেন, একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তুলতে শুধু অবকাঠামো উন্নয়নই যথেষ্ট নয়; এ জন্য নগরবাসীর ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থনও প্রয়োজন। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Reporter Name 









