রংপুরে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার
মিজানুর রহমান মিজান, রংপুরঃ
রংপুরের বদরগঞ্জে স্ত্রী মিমি আক্তারকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তাঁর স্বামী রমজান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (০৮,আগষ্ট) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মিমি আক্তারের বাবা আনিচুল ইসলাম বাদী হয়ে রমজান আলীসহ তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলার অন্য দুই আসামি হলেন রমজান আলীর বাবা মমদেল আলী (৫৫) ও মা রোকসানা পারভীন (৫০)।
পুলিশ ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় নয় বছর আগে বদরগঞ্জ উপজেলার ১১ নম্বর গোপালপুর ইউনিয়নের বড় শিবপুর গুয়াতিপাড়া গ্রামের মমদেল আলীর ছেলে রমজান আলীর সঙ্গে মিমি আক্তারের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। ছেলে মিরাজের বয়স প্রায় সাড়ে চার বছর এবং মেয়ে রুহি জান্নাতের বয়স ১১ মাস।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মিমির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তাঁকে প্রায়ই মারধর করা হচ্ছিল। একপর্যায়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে আত্মহত্যার জন্য উসকানি দিতেন বলেও অভিযোগ করা হয়েছে।
পরিবারের দাবি, গতকাল শুক্রবার দিনভর মিমিকে নির্যাতন করা হয়। পরে দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
খবর পেয়ে বদরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে ওই গৃহবধূকে পরিবারের সদস্যদের নির্যাতনের তথ্য পাওয়া গেছে। তাঁর বাবার দেওয়া এজাহারের ভিত্তিতে দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি স্বামী মোঃ রমজান আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, মামলাটি তদন্তাধীন। ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 









