রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার
রংপুর প্রতিনিধিঃ
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক, অটোরিকশা চুরি, চোরাই অটোরিকশা কেনাবেচা, হত্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মহানগরজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পরশুরাম থানায় মাদক নিয়ে প্রবেশ ও সেবনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাহিগঞ্জ থানায় অটোরিকশা চুরি ও চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
তাজহাট থানায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে দুজনকে গ্রেপ্তার করা হয়। হাজীরহাট থানায় ২০ গ্রাম গাঁজাসহ একজন এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে অপর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া হারাগাছ থানায় আটটি ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনকে একটি হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চোরাই মালামাল উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 









