রংপুরে গাঁজা ও জাল নোটসহ গ্রেপ্তার ৮
নিজস্ব প্রতিবেদক রংপুরঃ
রংপুরে পৃথক অভিযান চালিয়ে গাঁজা, কথিত জাল নোট ও বিভিন্ন মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা-পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) আরপিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের ভাষ্য, তাজহাট থানার দুটি মামলার তদন্তে পাওয়া আসামি মো. আমিনুল ইসলাম আমির (৫৫) ও মো. আতিয়ার রহমান বকুল (৫০)কে মেডিকেল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলা রয়েছে।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারভুক্ত আসামি মো. আনোয়ার (৩৫)কে ঘাঘটপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে সরেয়ারতল সাগরপাড়া এলাকা থেকে ইলিয়াস আলী (৫৫) ও হামিদুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়। এ সময় ইলিয়াসের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, মডার্ন মোড়ের চাঁদ পেট্রোলিয়াম লিমিটেড এলাকায় অভিযান চালিয়ে মো. মোখলেছুর রহমান খোকন (৪৮)কে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের নয়টি কথিত জাল নোট উদ্ধার করা হয়েছে। নোটগুলোর মোট মূল্য ৪ হাজার ৫০০ টাকা।
রাতের টহলের সময় বালাপাড়া এলাকায় অশালীন ভাষা ব্যবহার ও মারমুখী আচরণের অভিযোগে মো. মাসুদ (৩৮)কে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৭৬ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া দর্শনা মোড়সংলগ্ন এলাকা থেকে ইয়াবা সেবনের অভিযোগে লিমন মিয়া ওরফে ইমরান (২৬)কে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একই আইনের ৯০ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরপিএমপি জানিয়েছে, মাদক ও অপরাধ দমন, জনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 









