রংপুরে চার খুন: আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা আইনজীবী সমিতির
রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছে রংপুর আইনজীবী সমিতি। একই সঙ্গে নিহত পরিবারের পাশে থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রংপুর আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন।
আফতাব উদ্দিন বলেন, গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা অত্যন্ত নিকৃষ্টতম। আইনজীবী সমিতি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ইতোমধ্যে কয়েকজন সরকারি আইনজীবী ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের আইনগত সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, চারজনের লাশ উদ্ধারের পর পুলিশ দুজনকে আটক করেছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গহনা উদ্ধার করা হয়েছে। আটক দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি। পুলিশের তদন্ত ও কার্যক্রম এখন পর্যন্ত সঠিক পথে রয়েছে বলেও মনে করেন আইনজীবী সমিতির নেতারা।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ও মনগড়া গল্প ছড়ানো হচ্ছে। কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার করার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই হত্যাকাণ্ড নিয়ে কেউ রাজনীতি করবেন না, কোনো ধরনের গুজবও ছড়াবেন না।”
তিনি জানান, আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা করে গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী আইনি লড়াই করবেন না—এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিহতদের পরিবারের পক্ষে সব ধরনের আইনি লড়াইয়ে আইনজীবী সমিতি পাশে থাকবে।
সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর আইনজীবী সমিতির অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব, জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট কাওছার আলীসহ আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Reporter Name 









