রংপুরে চার খুন: সিদ্ধার্থের বাবা ও ভাইকে ডিবি হেফাজতে
রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি সিদ্ধার্থ দাসের বাবা বিনয় চন্দ্র দাস ও বড় ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি সূত্র জানায়, চার খুনের ঘটনার পর গত কয়েক দিন ধরে বিনয় চন্দ্র দাস ও পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আসতে বলা হচ্ছিল। তবে তাঁরা সেখানে যেতে রাজি হননি। শনিবার বিকেলে পুলিশ তাঁদের আনতে বাড়িতে গেলে পার্থ দাস ঘরের ভেতরে অবস্থান নেন। পরে পুলিশ দুজনকেই ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, তাঁদের বাসায় গিয়ে ডিবি কার্যালয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা আসেননি। এখন তাঁরা ডিবির হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
হত্যাকাণ্ডে তাঁদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সনাতন চক্রবর্তী বলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
Reporter Name 









