এইচএসসির প্রথম দিনে রংপুর বিভাগে অনুপস্থিত ১ হাজার ৯৩৭ পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, রংপুর
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৯৩৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মোট ৯১ হাজার ৩৫ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮৯ হাজার ৯৮ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ১৩ শতাংশ। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর জেলায় ৪১টি কেন্দ্রে ২০ হাজার ১২২ পরীক্ষার্থীর মধ্যে ১৯ হাজার ৭৪৩ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৩৭৯ জন। গাইবান্ধার ৩০টি কেন্দ্রে ১৩ হাজার ৩১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১২ হাজার ৬৯৭ জন, অনুপস্থিত ৩৩৪ জন।
নীলফামারীর ২৪টি কেন্দ্রে ১১ হাজার ৪১৫ পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ১৮৩ জন উপস্থিত ছিলেন। সেখানে অনুপস্থিত ছিলেন ২৩২ জন। কুড়িগ্রামের ২৭টি কেন্দ্রে ৯ হাজার ২৮৬ পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৮২ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২০৪ জন।
লালমনিরহাটের ১৩টি কেন্দ্রে ৫ হাজার ৮৯৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫ হাজার ৭৬৫ জন। অনুপস্থিত ছিলেন ১৩৪ জন। দিনাজপুর জেলার ৪৭টি কেন্দ্রে ১৭ হাজার ৯৬৫ পরীক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ৫৯৯ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ৩৬৬ জন।
এ ছাড়া ঠাকুরগাঁওয়ের ১৯টি কেন্দ্রে ৮ হাজার ৪৩ পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৯৮৩ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৬০ জন। পঞ্চগড়ের ১২টি কেন্দ্রে ৫ হাজার ১৭৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫ হাজার ৪৬ জন। অনুপস্থিত ছিলেন ১২৮ জন।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভাগের আট জেলায় ঝটিকা ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছে। পাশাপাশি শিক্ষা বোর্ডের বিশেষ ভিজিল্যান্স টিমও দায়িত্ব পালন করছে।
Reporter Name 














