বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিকের পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন
পার্বতীপুর প্রতিনিধিঃ
চাকরিতে পুনর্বহালের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ১৬৮ জন কর্মহীন শ্রমিক লাগাতার বিক্ষোভ, মিছিল, সমাবেশ ও অবস্থান ধর্মঘট করছেন। গত শনিবার থেকে শুরু হওয়া এ আন্দোলন সোমবারও অব্যাহত ছিল।
আজ সোমবার (১৭,আগষ্ট) দুপুরে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় গিয়ে দেখা যায়, চাকরিচ্যুত শ্রমিকেরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান ধর্মঘট করছেন। আন্দোলনরত শ্রমিকেরা জানান, দ্রুত চাকরিতে পুনর্বহাল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শ্রমিকদের দাবি, প্রায় আট বছর আগে ভূগর্ভে কয়লা উত্তোলনের প্রস্তুতি হিসেবে টানেল নির্মাণকাজের জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সিএমসি-এক্সএমসি’ তাদের নিয়োগ দেয়। পরে ২০২২ সালে পেট্রোবাংলার সঙ্গে প্রতিষ্ঠানটির ২০২৭ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি চুক্তি হয়। ওই চুক্তির আওতায় মূল ঠিকাদারের সাব-কন্ট্রাক্টর ‘জেএসএমই’ ১৬৮ জনসহ বিপুলসংখ্যক শ্রমিককে টানেল নির্মাণকাজে নিয়োজিত করে।
শ্রমিকেরা বলেন, ওই সময়ে নিয়োগ পাওয়া ১ হাজার ১৪৩ জন শ্রমিকই মূলত সিএমসি-এক্সএমসির অধীনে কাজ করছিলেন। টানেল নির্মাণকাজ শেষ হওয়ায় তাঁদের আর প্রয়োজন নেই—এমন কারণ দেখিয়ে কাজে যোগদানে বাধা দেওয়া হচ্ছে।
গত শনিবার সকালে কাজে যোগ দিতে গেলে ১৬৮ জন শ্রমিককে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা। এরপর চাকরিতে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন শ্রমিকেরা।
আন্দোলনকে কেন্দ্র করে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের টহল দিতে দেখা গেছে।
বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম বলেন, কর্মহীন শ্রমিকেরা মূল ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসির সাব-কন্ট্রাক্টর জেএসএমইর নিয়োগকৃত। তাঁদের বিষয়ে খনি কর্তৃপক্ষের সরাসরি করার তেমন কিছু নেই। তবে শ্রমিকদের দাবির বিষয়ে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতেও উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
শ্রমিকেরা দ্রুত তাঁদের চাকরিতে পুনর্বহাল অথবা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
Reporter Name 














