চন্দনাইশে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নেতা-কর্মীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ, অক্ষত অর্থমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত নেতা-কর্মীর চাপে মূল মঞ্চের একটি অংশ ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মঞ্চে উপস্থিত কেউ আহত হননি।
শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী আসার আগেই মঞ্চে বিপুলসংখ্যক নেতা-কর্মী উঠে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকে একাধিকবার মঞ্চ খালি করার আহ্বান জানানো হলেও তা কার্যকর হয়নি।
পরে অর্থমন্ত্রী মঞ্চে উঠলে আরও অনেকে সেখানে উঠে পড়েন। অতিরিক্ত ভার বহন করতে না পেরে মঞ্চের একটি অংশ হুড়মুড় করে বসে যায়। এতে মুহূর্তেই অনুষ্ঠানস্থলে আতঙ্ক সৃষ্টি হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বলেন, পুরো মঞ্চ ভেঙে পড়েনি; টেবিলের কয়েকটির পায়া বসে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরও অর্থমন্ত্রী ভাঙা মঞ্চেই দাঁড়িয়ে কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দিয়ে অনুষ্ঠান শেষ করেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ মঞ্চে ওঠায় এ ঘটনা ঘটে। তিনি বলেন, বারবার ঘোষণা দেওয়া হলেও অনেকে মঞ্চ ছাড়েননি। তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি।
ঘটনার পর কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
Reporter Name 















