গাজী নজরুলকে বহিষ্কারের তথ্য জানিয়ে সিইসিকে চিঠি জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ–সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠিও পাঠিয়েছে দলটি।
বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত চিঠিটি সিইসির কাছে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে দলটির মিডিয়া উইং।
চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের পর দলীয়ভাবে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তাঁর নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনের অবগতির জন্য জানানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এর আগে বুধবার আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
Reporter Name 















