হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ
হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের এক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক। তিনি জানান, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সংঘর্ষ ও উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এনসিপি কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও পৃথক কর্মসূচি ঘোষণা করলে শহরে উত্তেজনা তৈরি হয়। এ পরিস্থিতিতে সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।
Reporter Name 















