প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
নিজস্ব প্রতিনিধি বরিশালঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রেমের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৫ আগস্ট) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও প্রধান ফটকসংলগ্ন এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া, হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুসা হোসাইন নবীনবরণ অনুষ্ঠানের দিন অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। এ সময় ওই ছাত্রীর মুঠোফোন নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তিনি।
পরে ওই ছাত্রী প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে র্যাগিং ও উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে মুসার বিরুদ্ধে। বিষয়টি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের জানালে কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে আসেন।
একপর্যায়ে মুসাকে মারধর করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতি হয়।
এ ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের কারণ ও আহতদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Reporter Name 















