প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনা
নিউজ ডেস্ক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া-তে প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা প্রাঙ্গণে এই আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠিত হয়।
সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তাঁদের স্বাগত জানান।
অভ্যর্থনা অনুষ্ঠানে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।
এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রাসহ পুত্রজায়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় তিনি পেরদানা পুত্রা ভবনে পৌঁছান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার রাতে তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এ পৌঁছান। সফরকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
Reporter Name 















