ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি প্রাইভেটকার ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া গ্রামে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইবাদুল ইসলাম (৪৯)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি মিটসুবিশি আউটল্যান্ডার গাড়ি তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা ইবাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অধিদপ্তর জানায়, উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ১৮০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় একটি মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. তায়রিফুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাজেদুল হাসান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
Reporter Name 














