গণভোটের বৈধতা নিয়ে প্রশ্নে সরকার- বিএনপিকে এনসিপির সমালোচনা
লালমনিরহাট প্রতিনিধিঃ
গণভোটের বৈধতা, খাল খনন প্রকল্পে অনিয়ম, প্রশাসনের ভূমিকা এবং লালমনিরহাটের স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা নিয়ে সরকার ও বিএনপির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
বুধবার রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বানীনগর উচ্চবিদ্যালয় মাঠে ‘জুলাই পথযাত্রা’ শেষে আয়োজিত আলোচনা সভায় এসব বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গণভোটকে অবৈধ বলা হলে সেই ভিত্তিতে গঠিত সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়ে। একই সঙ্গে তিনি খাল খনন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বলেন, শ্রমিক দিয়ে কাজ করার কথা থাকলেও বাস্তবে ভিন্নভাবে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ঠিকাদারি কাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাবের অভিযোগও তোলেন তিনি।
প্রশাসনের ভূমিকার সমালোচনা করে সার্জিস আলম বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির মুখ্য সমন্বয়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লালমনিরহাটে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় নানা সংকট রয়েছে। অনেক হাসপাতালে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতির অভিযোগ তুলে তিনি জেলার ত্রাণ ব্যবস্থাপনাও প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন।
লালমনিরহাট জেলা এনসিপির সদস্যসচিব শাহ সুলতান মো. নাসির উদ্দীন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দলের সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
Reporter Name 















