সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার: ৫০ কারারক্ষীকে তলব
নিজস্ব প্রতিবেদকঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে কারাগারের অভ্যন্তরের ছবি, ভিডিও ও বিভিন্ন তথ্য প্রকাশের অভিযোগে দেশের বিভিন্ন কারাগারে কর্মরত ৫০ জন কারারক্ষীকে তলব করেছে কারা অধিদপ্তর। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
আজ রবিবার (০২ আগস্ট) সকাল ৯টায় সংশ্লিষ্ট নারী ও পুরুষ কারারক্ষীদের কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দাপ্তরিক বিধি-নিষেধ লঙ্ঘন করে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কারাগারের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশের অভিযোগের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
তলবকৃত কারারক্ষীরা রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগার, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত।
কারা গোয়েন্দা বিভাগের সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যম ব্যবহারের সরকারি নির্দেশনা অমান্য করে কয়েকজন কারারক্ষী কারাগারের অভ্যন্তরের ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য প্রকাশ করেছেন। বিষয়টি সরকারি চাকরির শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক হওয়ায় সংশ্লিষ্টদের ব্যাখ্যা চাওয়া হয়েছে।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করার অভিযোগে ৫০ জন কারারক্ষীকে তলব করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 















