চট্টগ্রামে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ: প্রধান শিক্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ
চট্টগ্রামের বাঁশখালীতে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি, একটি মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মদ রমিজ উদ্দীনকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (৩ আগস্ট) দুপুরে আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংলগ্ন চায়না রোডের বৈরাগ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ জানায়, গ্রেপ্তার রমিজ উদ্দীন বাঁশখালী দারুচ্ছুন্নাহ খাইরিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক। মামলার অভিযোগ অনুযায়ী, ওই মাদ্রাসার নাজেরা বিভাগের আট বছর বয়সী এক শিক্ষার্থীকে ভর্তি হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে ওয়াশরুমে নিয়ে যৌন নির্যাতন করা হয়।
এজাহারে বলা হয়েছে, সর্বশেষ গত ২৩ জুলাই বিকেলে মাদ্রাসা ছুটির পর অন্য শিক্ষার্থীরা মাঠে খেলতে গেলে শিশুটিকে হেফজ বিভাগের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে ডেকে নিয়ে বলাৎকার করা হয়। বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে কান্নাকাটি করে মাদ্রাসায় আর যেতে না চাওয়ার কথা জানায়। একপর্যায়ে সে ঘটনার বিস্তারিত জানালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর ২৯ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রমিজ উদ্দীনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 















