ইতিহাস নরওয়ের পক্ষে, তবু সুপার কম্পিউটারের রায়ে এগিয়ে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে লড়াইয়ের আগে পরিসংখ্যান ও বর্তমান ফর্ম মিলিয়ে জমে উঠেছে আলোচনা। অতীতের মুখোমুখি লড়াইয়ে নরওয়ে এগিয়ে থাকলেও, ডেটাভিত্তিক বিশ্লেষণে ব্রাজিলকেই ফেবারিট হিসেবে দেখছে অপ্টা সুপারকম্পিউটার।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানকে ২–১ গোলে হারিয়ে নকআউটে জায়গা নিশ্চিত করে ব্রাজিল। পিছিয়ে পড়েও কাসেমিরো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। চলতি আসরে চারটি অ্যাসিস্ট করে দারুণ ছন্দে আছেন ব্রুনো গিমারায়েসও।
তবে ব্রাজিলের আক্রমণভাগ এখনো প্রত্যাশিত ধারাবাহিকতা দেখাতে পারেনি। চার ম্যাচে ৬০টি শট নিলেও গোলের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে ঘাটতি রয়েছে। তারপরও টানা চার জয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে, আইভরি কোস্টকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম নকআউট জয় তুলে নিয়েছে নরওয়ে। দলের সবচেয়ে বড় ভরসা আর্লিং হালান্ড, যিনি টানা ১৩ আন্তর্জাতিক ম্যাচে গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ব্রাজিলের বিপক্ষেও তিনি নরওয়ের প্রধান আক্রমণভাগের অস্ত্র।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাস অবশ্য ব্রাজিলের জন্য সুখকর নয়। দুই দলের আগের চার দেখায় একবারও জিততে পারেনি সেলেসাওরা। নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি ড্র হয়েছে। সেই হিসেবে ইতিহাস স্ক্যান্ডিনেভিয়ান দলটির পক্ষেই কথা বলছে।
তবে ইতিহাসকে ছাপিয়ে অপ্টা সুপারকম্পিউটারের পূর্বাভাসে এগিয়ে ব্রাজিল। তাদের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ, নরওয়ের ২২.৪ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাও ব্রাজিলের বেশি—৬৫.৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪.৫ শতাংশ।
Reporter Name 















