সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, ইতিহাসে কার পাল্লা ভারী
স্পোর্টস ডেস্ক
ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামে (এটিঅ্যান্ডটি স্টেডিয়াম) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।
বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে ফ্রান্সের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। ২০২৬ আসরসহ এবার নিয়ে অষ্টমবারের মতো শেষ চারে খেলছে ‘লে ব্লু’রা। প্রথম তিন সেমিফাইনালে ব্যর্থ হলেও ১৯৯৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে ফ্রান্স এবং সেই আসরেই জেতে শিরোপা। এরপর ২০০৬ সালে পর্তুগাল, ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে মরক্কোকে হারিয়ে আরও তিনবার ফাইনালে জায়গা করে নেয় তারা।
এবারের আসরে সেমিফাইনালে উঠে জার্মানি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার কীর্তি গড়েছে ফ্রান্স।
অন্যদিকে, বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের অভিজ্ঞতা সীমিত হলেও সাফল্যের হার শতভাগ। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রথম ও একমাত্র সেমিফাইনালে জার্মানিকে কার্লেস পুয়োলের একমাত্র গোলে ১–০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে স্পেন। পরে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে লা রোজা।
১৯৫০ বিশ্বকাপে স্পেন চতুর্থ হলেও তখন বর্তমানের মতো সেমিফাইনাল ব্যবস্থা ছিল না; চার দলের ফাইনাল গ্রুপের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়েছিল।
ইতিহাস বলছে, সেমিফাইনালের মঞ্চে অভিজ্ঞতায় এগিয়ে ফ্রান্স, আর শতভাগ সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে স্পেন। তাই বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
Reporter Name 















