৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট আজ
নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ
দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য।
রাষ্ট্রপতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় অনেকটাই নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
১৯৯১ সালে সর্বশেষ রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরুদ্দোজা চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট। এরপর টানা সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি।
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়া হয়। অলি আহমদের পক্ষে দুটি এবং মির্জা ফখরুলের পক্ষে একটি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। পরে নির্ধারিত সময়ে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় ভোটের আয়োজন করতে হয়।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করছেন। সংসদের অধিবেশন চলমান না থাকায় সংসদ সদস্যদের জন্য বিশেষ বৈঠক ডেকে এই ভোট গ্রহণ করা হচ্ছে।
এবারের নির্বাচনে ভোট গোপন নয়। সংসদ সদস্যরা ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে নিজেদের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। ভোট গ্রহণ শেষে সংসদকক্ষেই ব্যালট গণনা করা হবে এবং ফল ঘোষণা করবেন সিইসি।
জাতীয় সংসদে বর্তমানে বিএনপির সদস্য ২৪৭ জন। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সদস্যসংখ্যা ৯০। ফলে ভোটের সংখ্যাগত সমীকরণে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের শুরুর দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের ভোটদান বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর ভোট গণনার সময় আবার সরাসরি সম্প্রচার শুরু হবে। গণনা শেষে সংসদকক্ষেই ফল ঘোষণা করা হবে।
Reporter Name 















